তুরাগে ৭ লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ সদর দফতর
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২৩:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদীতে ভাসছে ‘আওয়ামী লীগ- ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ’- শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এ কথা জানানো হয়।
পুলিশ সদর দফতর জানিয়েছে, ‘তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’- এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।’
এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানিয়েছে।
পুলিশ সদর দফতর বলছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।
কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।
আবা/এসআর/২৬
