রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি ইতিবাচক এবং এ লক্ষ্যে এনবিআরের কর্মকর্তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, 'চলতি অর্থবছরে রাজস্ব আহরণের পরিস্থিতি আশাব্যঞ্জক। রাজস্ব আদায় খুবই ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ, আমরা নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।'

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসা ও শিল্প খাতের বিভিন্ন সমস্যা এবং কর-সংক্রান্ত কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার ব্যবসায়ী সমাজের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে। ব্যবসার পরিবেশ উন্নত করতে ইতোমধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণ শিথিলকরণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলোর সমাধানেও আলোচনা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।