বরিশালের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

সফরসূচি অনুযায়ী সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 

আবা/এসআর/২৬