জুলাই শহীদ দিবস আজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৮:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে নিহত হন আবু সাঈদ। এরপরই ফুঁসে ওঠে সারাদেশের মানুষ। দিনটিকে স্মরণ করে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়।

গত  বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছে। এ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

ঐতিহাসিক সেই জুলাই গণঅভ্যুত্থানের ‘টার্নিং পয়েন্ট’ শহীদ আবু সাঈদ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে দুই হাত প্রসারিত করে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়ে গেছেন দেশজুড়ে। আবু সাঈদের আত্মত্যাগের আজ ৭৩০ দিন, অর্থাৎ দুই বছর।

এরই মধ্যে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এখনো রায় কার্যকর হয়নি।

১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।

এছাড়া ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে।

 

আবা/এসআর/২৬