প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজপ্রাপ্য ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে সরাসরি বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চান প্রধানমন্ত্রী।

জবাবে তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাত সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছিল। বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগও আলোচনায় আসে। অনেক ক্ষেত্রে চিকিৎসক কর্মস্থলে থাকলেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা পান না এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে যেন মানুষ নির্বিঘ্নে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পায়, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র ছুটতে না হয়ে সরকারি হাসপাতালই যেন তাদের প্রধান ভরসার স্থানে পরিণত হয়।

কিডনি রোগীদের দুর্ভোগ কমাতে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং ভবন নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।