ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা বাংলাদেশের

ইরান যুদ্ধ ঘিরে পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরানপন্থি হুতিদের ঘোষিত নৌ-অবরোধের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে সরকারের এ অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

“বাংলাদেশ বিশ্বাস করে, এই ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বাড়ায়, আঞ্চলিক ও শান্তি স্থিতিশীলতাকে খর্ব করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়।”

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (আনক্লস) ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে লোহিত সাগরসহ সব আন্তর্জাতিক সামুদ্রিক পথে অবাধ ও আইনি চলাচলকে সমর্থন করে বাংলাদেশ।

“বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সংযোগস্থল লোহিত সাগরে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাসীর জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। এ কারণে সব নাবিক ও পণ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”

ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বারের উপকূলও নিয়ন্ত্রণ করছে।

তারা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছে।

এ হুমকির পর মঙ্গলবার এশিয়াগামী দুটি সৌদি তেলবাহী ট্যাংকার লোহিত সাগরের পথ থেকে ফিরে গেছে। এতে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত হরমুজ প্রণালির পর আরেকটি গুরুত্বপূণ জ্বালানি সরবরাহের জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পরিস্থিতি তৈরি করেছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

হুতিদের অবরোধের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোর, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং কূটনীতিতে যুক্ত হওয়ার আহ্বানও বাংলাদেশ জানাচ্ছে।

“পশ্চিম এশিয়ায় অব্যাহত অস্থিতিশীলতায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনাই যে সংঘাত নিসরনের একমাত্র পন্থা, সে বিষয়ে অব্যাহত অবস্থান পুনর্ব্যক্ত করছে।”

আবা/এসআর/২৬

সৌদি,নৌ-অবরোধ,নিন্দা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত