শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি 

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলেও উল্লেখ করেন।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, নানা শারীরিক জটিলতা এবং মানসিক-শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

এ পরিস্থিতিতে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিকেল ৫টার পর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।

সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অসুস্থতা বা অনুপস্থিতির কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।