ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:১৫ | অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তবে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনে থাকবেন তিনি।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে খোদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ছাড়াও এর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন বিকেলে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ফলে সংবিধান অনুযায়ী, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সেই সঙ্গে একই দিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।