তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫০ | অনলাইন সংস্করণ

তুরস্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার তার দেশে আসার তথ্য দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ১৯ জুলাই তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এ সফরের সময় তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওলু, তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণশালার পরিচালক রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ ইয়েতকিনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া সেনাপ্রধান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন।
আইএসপিআর বলছে, জেনারেল ওয়াকার-উজ-জামান তুর্কি স্থলবাহিনীর প্রধান কার্যালয় পরিদর্শনকালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে তিনি দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
আইএসপিআর বলেছে, সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনি কার্যক্রম ঘুরে দেখেন।
“পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন।"
সেনাপ্রধানের এ সফর উভয় দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইএসপিআর।
