হজের গুরুত্ব ও করণীয় নিয়ে আন নাদওয়া হজ্জ কাফেলার প্রি-হজ সেমিনার

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

হজযাত্রীদের হজের প্রস্তুতি, করণীয় ও ইসলামী বিধান সম্পর্কে সচেতন করতে প্রি-হজ সেমিনারের আয়োজন করেছে আন নাদওয়া হজ্জ কাফেলা।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে দেশের প্রখ্যাত আলেমরা হজের গুরুত্ব, তাৎপর্য এবং সময়মতো হজ পালনের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলোচিত ইসলামী বক্তা ও মাদারীপুরের টেকেরহাটের কামরুল ইসলাম সাঈদ আনসারী। তিনি বলেন, আন নাদওয়া হজ্জ কাফেলা হজ ব্যবস্থাপনায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হজের সিদ্ধান্ত একজন মুসলমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সামর্থ্য অর্জিত হলে বিলম্ব না করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত।

তিনি আরও বলেন, হজের প্রতিটি আনুষ্ঠানিকতার সঙ্গে হযরত ইবরাহিম (আ.)-এর স্মৃতি, ত্যাগ ও আনুগত্য জড়িয়ে রয়েছে। হজ মানুষের জীবনে আত্মিক ও নৈতিক পরিবর্তন আনে। হজের প্রস্তুতিও একজন মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। তাই অজুহাত বা গাফিলতির কারণে হজ পালনে বিলম্ব করা সমীচীন নয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত পথই প্রকৃত পথ। তিনি বলেন, পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর হজে যাওয়া-আসা এবং থাকা-খাওয়ার খরচ বহনের আর্থিক সক্ষমতা ও হজ পালনের শারীরিক সক্ষমতা অর্জিত হলে হজ ফরজ হয়। এ দুটি শর্ত পূরণ হলে হজ পালনে বিলম্ব করা উচিত নয়। তিনি হাদিসের আলোকে সময়মতো হজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আন নাদওয়া হজ্জ কাফেলার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম তরুণদের হজ পালনে উৎসাহিত করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং আন নাদওয়া হজ্জ কাফেলার অপর পরিচালক হাফেজ মাওলানা তারিক মুহাম্মদ নাসরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিষ্ঠানের পরিচালক দিদারুল আলম ভূঁইয়া, শাফিউল আলম, মাওলানা আব্দুর রহমান, মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন।