আবারও চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট।

রোববার দিবাগত রাত (২৭ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।

রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। আশা করি এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের অপরিহার্য অবকাঠামো এই ফ্লাইট। এটি আবারও চালুর মধ্যদিয়ে ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিশ্চিত হবে। জাপান ও বাংলাদেশের অর্থনীতির অংশীদারিত্ব নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

একই সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তিনি আরও বরেন, আমরা ১৪টা বোয়িং কেনার বিষয়ে সাইন করেছি। ১০ এয়ারবাস ক্রয় করবো। ১০ এয়ার ক্রাফট লিজ নেবো। ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট লসে থেকে বন্ধ হয়নি, লাভে থেকেই বন্ধ হয়। এবার লাভজনক হবে বলেই চালু হয়েছে। বিমান এটি নিয়ে পর্যালোচনা করেছে। লিজ নেয়া এয়ার ক্রাফট আসলে ফ্লাইট বাড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। 

 

আবা/এসআর/২৬