সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭ অধিনায়ক ও বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ২৬ জুলাই কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযুক্তদের মধ্যে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেফতার থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
ওই পরোয়ানার ভিত্তিতেই বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরবর্তী নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
আবা/এসআর/২৬
