মাউশি ডিজিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ৩০তম বিসিএস শিক্ষা ফোরামের

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে জড়িয়ে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম।

শুক্রবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি মো. ইমরান আলী এবং সাধারণ সম্পাদক মো. মামুন শাহরিয়ার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অবস্থান জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ২৮ জুলাই ‘শীর্ষ নিউজ ডট কম’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে “অতীতের সকল রেকর্ড ভেঙেছে: শিক্ষায় ঘুষের হাট, ডিজির নেতৃত্বে সারাদেশে বদলি বাণিজ্যের দালাল নেটওয়ার্ক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের দৃষ্টিগোচর হয়েছে।

সংগঠনটির দাবি, সংবাদে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের বিরুদ্ধে যেসব তথ্য ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। অসৎ উদ্দেশ্যে ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকারী প্রফেসর ড. সোহেলের বিরুদ্ধে এ ধরনের সংবাদ দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পেশাগত মর্যাদার প্রতি আঘাত হেনেছে।

এতে গণমাধ্যমের দায়িত্বশীল, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরে ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম জানায়, তারা জনস্বার্থে প্রকাশিত বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতাকে সম্মান করে।

তবে সংশ্লিষ্ট সংবাদটিকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।