দুবাইয়ে বেনজীরের কারামুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের শর্তসাপেক্ষে ছাড়া পাওয়া দেশটির আইনী প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে নিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে দুদক মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ছাড়া পেয়েছেন। তবে তার ছাড়া পাওয়ার পেছনে দুদকের আইনি কোনো গাফিলতি ছিল না।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই তিনি কারামুক্তি পান।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে বেনজীর আহমেদকে গ্রেফতার করে দুবাই পুলিশ। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

এসময় বেনজীরকে ফেরত চেয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠায় বাংলাদেশ।