বেনজীরের জামিন বাতিলে ল'ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল'ফার্ম নিয়োগ করেছে।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি এখন শুনলাম, এটা স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে অ্যাম্বাসেডর, তার সঙ্গে কথা বলেছেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'কয়েক দিন আগেই আমরা ল'ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য শুধুমাত্র। তাকে ইনস্ট্রাকশন (নির্দেশনা) দেয়া হয়েছে বেইল ক্যানসিলেশনের জন্য সে পার্সিউ করবে। আমি খবর পেয়েছি, তাকে অন কন্ডিশন, ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কী শর্ত, আমি সার্টিফায়েড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল'ফার্ম নিয়োগ হয়েছে, তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসিলেশনের জন্য তারা পার্সিউ করে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা (বেনজীর আহমেদ) আইনানুগভাবে গিয়েছে, আমরা ল'ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি, বেইল ক্যানসেল করতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত নিতে পারব।'