রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৪:০৫ | অনলাইন সংস্করণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যর বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন ১১ দলের শরীক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। উনি বাংলাদেশের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। বিভিন্ন সময় নানা মন্ত্রণালয় সামলেছেন, ছয়বারের এমপি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচিত করায় ঐক্য এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অলি আহমদ। তিনি বলেন, 'সবাই মনে করেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং পরীক্ষিত লোক হিসেবে, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবন-যাপন করেছি বিধায় সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে।' 

তিনি আরও বলেন, 'আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ, সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।'

এর আগে, রোববার সকালে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে ১১ দলীয় ঐক্যর বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার,  সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।