২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

হামের প্রকোপ যেন কিছুতেই কমছে না। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেটে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৮ শিশুর।
সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৭৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
