সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:৪১ | অনলাইন সংস্করণ

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।
এর আগে, রোববার (৯ আগস্ট) একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে।
