রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়। দলীয়ভাবে তার প্রার্থিতা চূড়ান্ত করার পরই মনোনয়নপত্র জমা দেয়া হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন---এমন আলোচনা এখন প্রায় নিশ্চিত হিসেবেই দেখা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগ পর্যন্ত বিষয়টি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই থাকবে।
এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের দায়িত্বে থাকা তার মন্ত্রণালয়ের পদ—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে।
