দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ঝরলো ১৬ প্রাণ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের ১১টি জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অনেকে।

এদিন কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় পৃথক বড় দুর্ঘটনা ঘটেছে। এই দুই দুর্ঘটনায় চার নারীসহ ৮ জন নিহত হয়েছেন। একইসাথে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা,  ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ, যশোরে পৃথক দুর্ঘটনায় ১ জন নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

১৬ জন নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে শিক্ষক, শিক্ষার্থী, কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনায় জেলার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৬টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে একটি লং হেভিকেলের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুপুরে যশোর বেনাপোল ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

এছাড়া এদিন দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

আবা/এসআর/২৬