বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন জানিয়েছেন, ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে 'কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস' করার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সৈয়দ মো. মোতাহার হোসেন বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার কাজ চলছে। এ লক্ষ্যে 'কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট'-এর খসড়া প্রণয়ন করে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে ৫টি কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায় এবং বিপুল অস্ত্র-গোলাবারুদ লুট হয়। শুধু নরসিংদী কারাগার থেকেই পালান ৮২৬ জন।

এ পর্যন্ত ১ হাজার ৫৮৭ জন গ্রেপ্তার/আত্মসমর্পণ করলেও ৬৯০ জন এখনো পলাতক, যার মধ্যে ১৬৬ জনের পূর্ণাঙ্গ তথ্য শনাক্ত করা যায়নি।

কারাগারের নিরাপত্তা সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট নিরসনে নতুন করে ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক।