২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে।

আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশু মারা গেছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।