স্বাধীনভাবে কাজ করবে দুদক : নতুন চেয়ারম্যান
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২২:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
আজ বুধবার (১৯ আগস্ট) দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান বলেন, দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। এ সময় নতুন দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।
নতুন চেয়ারম্যান বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে সর্বাত্মক চেষ্টা করব।’
এর আগে মঙ্গলবার সকালে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেন। পরে তাঁরা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দায়িত্ব ও কার্যক্রম নিয়ে কথা বলেন।
গত ৩ মার্চ আগের কমিশনের পদত্যাগের পর প্রায় সাড়ে পাঁচ মাস পর নতুন কমিশন দায়িত্ব নিল। নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া দায়িত্ব নিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি, সাবেক একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ সেগুলো আপনারা তদন্ত করবেন কি না এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখনও সে ধরণের কোন ফাইল আসেনি। আমাদের কাছে সেগুলো আসলে আমরা যা করবো আপনারা নিজেরাই দেখতে পারবেন। এসব নিয়ে আগাম কথা বলতে চাই না। কাজের মধ্য দিয়েই আমাদের অবস্থান জানাতে চাই। সবক্ষেত্রে আমরা স্বাধীনভাবে কাজ করবো।’
আবা/এসআর/২৬
