২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও ভোট দিতে এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে উপস্থিত রয়েছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

কিন্তু বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার জন্য এই ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।