রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ে যান।

সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন।

এর আগে, দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

আবা/এসআর/২৬