নারীদের এগিয়ে নিতে দলগুলোর পলিসিগত পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৪:৪১ | অনলাইন সংস্করণ

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।

আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোঠায়। যদি এসব জায়গায় নারীদের মনোনয়ন দেওয়া হতো, তাহলে তারা পার্লামেন্টে আসতে পারতেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি আসনে তিনজনের মধ্যে একজন নারী প্রার্থী থাকলে তাকে কখনোই প্রমোট করা হয় না। পদে পদে বাধা আসলেও বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।