ফের চালু হলো এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবারও শুরু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয় বলে জানিয়েছে পেট্রোবাংলা।
একইদিন দুপুর দেড়টার দিকে ‘ফ্লেক্স কারেজেস’ নামের এলএনজিবাহী একটি জাহাজ মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ভেড়ে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে জাহাজটি যুক্তরাষ্ট্রের ক্যামেরন বন্দর থেকে এসেছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, আজ (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে নতুন আসা এলএনজি টার্মিনালে যুক্ত হবে। এরপর এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আরও বাড়বে।
এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজ জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুত থেকে সরবরাহ শুরু করেছে তারা।
আবা/এসআর/২৬
