রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তিরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায় এবং তা উদ্ধার করে। তবে কীভাবে বা কী কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এদিকে কয়েকদিন ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে ওই শিক্ষকের আত্মীয় স্বজন এলাকায় এসে বাড়িতে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া যায় এবং একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে তাদের ছোট ছেলে আয়াসের লাশ উদ্ধার করা হয়। এসময় বাড়ির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন এবং বাড়ির জিনিস পত্র তছনছ ও ছড়ানো ছিটানো ছিলো।

 

আবা/এসআর/২৬