সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।
এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিএফএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। পাশাপাশি, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
