হালাল পণ্যের মান ও সনদ দেওয়ার আইনি ক্ষমতা পেল ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার ক্ষেত্রে আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়। 'রুলস অব বিজনেস, ১৯৯৬' সংশোধন করে হালাল মান ও সনদসংক্রান্ত দায়িত্ব মন্ত্রণালয়টির কার্যপরিধিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছে সরকার।
গতকাল রোববার (২৩ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই দিন প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি 'রুলস অব বিজনেস, ১৯৯৬'-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করেছেন। গত ১৯ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হালাল মান ও সনদসংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
সংশোধনের ফলে 'রুলস অব বিজনেস'-এর সিডিউল-১-এ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে। '৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স' শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ যুক্ত করা হয়েছে। এতে 'ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন' বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে হালাল পণ্যের মানদণ্ড নির্ধারণ ও সনদ প্রদানের দায়িত্ব এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় এলো। সংশোধনটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতদিন ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের হালাল সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। পাশাপাশি হালাল মান নির্ধারণের কাজও করে আসছে প্রতিষ্ঠানটি। তবে এ কার্যক্রমের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
নতুন সংশোধনের ফলে হালাল পণ্য ও সেবার মান নির্ধারণ এবং সনদ প্রদানের বিষয়ে সরকারের কার্যবণ্টন কাঠামোয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব স্পষ্ট হলো। এর মাধ্যমে দেশে হালাল পণ্য ও সেবার মান ও সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়টির আইনি ভিত্তিও প্রতিষ্ঠিত হলো।
