২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৩৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৪৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৮ হাজার ৪৮৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়েছেন।
