প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪:১০ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে তাদের বিকল্প হিসেবে দায়িত্ব পালনকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার।
গতকাল সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশ গেজেটে অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্দিষ্ট মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। তবে তাদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে নির্ধারণ করে দেয়া মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সেই দায়িত্ব সামলাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের (প্রধানমন্ত্রীর কার্যালয়) অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন তিন মন্ত্রী--- ১. সালাহউদ্দিন আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী) ২. আবু জাফর মো. জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী) ৩. খন্দকার আব্দুল মুক্তাদির (শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী)
অন্যান্য মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বে যারা---
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়: আফরোজা খানমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: আন্দালিব রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: এম রশিদুজ্জামান মিল্লাতের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: সাচিং প্রুর অনুপস্থিতিতেও দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আদেশে উল্লেখ করা হয়, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
