বিনা খরচে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২:৩৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন এবং কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অবৈধ পথে বিদেশযাত্রা এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বৈধ পথে কর্মীদের বিদেশ পাঠানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে উপহার হিসেবে ১০ হাজার কর্মী নেয়ার কথা জানিয়েছে। এসব কর্মীকে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, শুধু বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেই হবে না, কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়া হবে।
সভায় অবৈধ পথে বিদেশযাত্রা ও দালালদের দৌরাত্ম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকেরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং অনেকে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবৈধভাবে বিদেশ পাঠানোর সঙ্গে জড়িত দালালদের নাম-ঠিকানাসহ তালিকা আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। বিদেশে অবস্থানরত দালালদেরও সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা জানান মন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার কয়েকজন যুবক লিবিয়া হয়ে সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতিতে অবৈধ অভিবাসন ঠেকানো, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আবা/এসআর/২৬
