এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জানান, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। সেজন্য বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে বলে।
আজ শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, 'এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।'
প্রধান বিচারপতি বলেন, 'এআই ব্যবহারে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'
যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
এআইয়ের কারণে বিশ্বজুড়ে অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, 'মানুষের বেঁচে থাকা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে না।'
