গুমের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে দায়িত্ব নেবে রাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ

বিভিন্ন সময়ে যারা গুম করেছে, বিচারের পর তারা ক্ষতিপূরণ দিতে না পারলে রাষ্ট্র সে ক্ষতিপূরণ দেবে। আর এখন ভুক্তভোগীরাই সরাসরি আদালতে যেতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুমচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘গুমের ঘটনায় কাউকে আর সমস্যায় পড়তে হবে না।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উত্তরাধিকার সূত্রে একটি অগোছালো ও ভঙ্গুর বাহিনী পেয়েছে সরকার। সেগুলোকে আধুনিক ও উন্নত করার কাজ চলছে।’
সাইবার অপরাধ দিন দিন বড় আকার ধারণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সাইবার ইন্টেলিজেন্স সক্ষমতা সম্পন্ন একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা চলছে।’ মংলায় মিরাজ নিখোঁজের ঘটনাটি নিয়েও স্বাধীন তদন্ত হয়েছে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।’ এ সময় নিরপেক্ষ কমিশন গঠন করে গুমের সঙ্গে জড়িত সব বাহিনী ও ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানান মানবাধিকারকর্মী, আইনজীবী ও ভুক্তভোগীরা। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
