গত ৬ মাসে দেশে কোনো গুমের অভিযোগ পাওয়া যায়নি: আইনমন্ত্রী

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপনের সময় বিরোধী পক্ষের ওয়াকআউটকে 'সুস্থ ধারার রাজনীতি' কি না—সে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার দিয়েছে। বিচারপ্রক্রিয়া কিছুটা ধীর হলেও তা অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতেই নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'তড়িঘড়ি করে বিচার করা হয়েছে' বা ন্যায়বিচার নিশ্চিত হয়নি—এমন কোনো অভিযোগের সুযোগ দিতে চায় না সরকার। লোক দেখানো বা প্রশ্নবিদ্ধ বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিচার সম্পন্ন করা হবে।

আইনমন্ত্রী আরও দাবি করেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে যেন আর কেউ গুমের শিকার না হন, সে বিষয়ে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।