ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, নতুন ৩ মৃত্যু
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২৩:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের এবং অন্যজন খুলনা বিভাগের।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৪৯ জন, ময়মনসিংহ বিভাগের ৮১ জন, চট্টগ্রাম বিভাগের ১১৬ জন, খুলনা বিভাগের ২৪৩ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, রংপুর বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ১২৩ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।
অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩ হাজার ৭২০ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৮২২ জন, চট্টগ্রাম বিভাগের ৫ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগের ৫ হাজার ২৮৭ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৭৭৯ জন, রংপুর বিভাগের ৮৮৬ জন, বরিশাল বিভাগের ৫ হাজার ৭০৬ জন এবং সিলেট বিভাগের ১৬৫ জন রোগী রয়েছেন।
আবা/এসআর/২৬
