বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম-উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম। গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড। টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম-উপকরণ দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করার ক্ষেত্রে এই সহায়তা সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নিতে 'আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নেও ভূমিকা রাখছে।

দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।