সেপ্টেম্বরজুড়ে তাপমাত্রা বাড়ার আভাস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চলতি সেপ্টেম্বর মাসে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পাশাপাশি ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।
এছাড়া সেপ্টেম্বর মাসে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
