বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে : প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৫ সেপ্টম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে তারা লক্ষ্য করছেন, স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। এসব সমস্যা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে- এ কথা সরকার কখনো অস্বীকার করেনি।

তিনি বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।

সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবো। গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়; সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।’

দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করেও নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সবার কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘তবে আগামীতে যেন দেশের মানুষকে এই জ্বালানি সংকটে পড়তে না হয় সেভাবেই বিএনপি তার কর্মপরিকল্পনা তৈরি করছে।’

দেশের জনগণের স্বার্থ রক্ষাকারী দলের নাম বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটিকে যদি কেউ নিশ্চিত করে থাকে, সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বিএনপি। সে কারণেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তা দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এখন আমরা এমন একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।’

 

আবা/এসআর/২৬