সংসদ অধিবেশন চলাকালে বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিকার অধ্যাদেশ বাতিল করে অপেক্ষাকৃত দুর্বল বিল উত্থাপনের অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধীদল জামায়াত।

আজ (রোববার) অধিবেশনের একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ এর ওপর আলোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান। পরে স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে ওয়াকআউটের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, এই বিল দু’টির বিষয়ে আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। মানবাধিকার সংক্রান্ত যে বিল এসেছে সেখানে আইনের স্পষ্ট দ্বৈতপ্রয়োগ রয়েছে। মানবাধিকার কমিশনকে একটি ইউনিফর্ম অথরিটি দেয়া হয়নি।

মানবাধিকার কমিশন বিলের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে। কিন্তু যদি কোনো বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তাহলে আগে বাহিনীকে তাদের জবাব দেয়ার জন্য এ ব্যাপারে নোটিশ দেয়া হবে। যদি তারা প্রথমবার নোটিশের জবাব না দেয়, তাহলে কী হবে সে বিষয়ে বিলে কোনো নির্দেশনা নেই। আবার বাহিনী প্রথমবার জবাব চাওয়ার পর কমিশনের কাছে সেই জবাব সন্তোষজনক না হলে দ্বিতীয়বার জবাব চাইতে পারবে এমন বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয়বার জবাব না দিলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। আইনের দ্বৈতপ্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় কর্মচারী হলেও তারাও নাগরিক, একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে আর আরেকজনের ক্ষেত্রে আটকা পড়ে যাবে এটা হতে পারে না।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আগেই বলেছি এসব আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে। এজন্য আমরা এই আইনের পাস করায় অংশীদার হবো না। সেই জায়গা থেকেই আমরা আবারও আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং আলোচনায় অংশগ্রহণ না করে ওয়াকআউট করছি।

 

আবা/এসআর/২৬