রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

রাজধানীর প্রধান প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অবৈধ চার্জিং পয়েন্টসহ অনিয়মের বিরুদ্ধে অভিযানও চলমান রয়েছে।'

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হলে দ্রুতই রিকশার নম্বর এবং চালকদের নিবন্ধনের ব্যবস্থা করা হবে।'

তিনি বলেন, 'নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে বিধি ও নীতিমালা সম্পূর্ণ প্রস্তুত। কর্মসংস্থান, পরিবেশসহ নানা বিষয় বিবেচনায় কিছু শর্তসাপেক্ষে দ্রুতই কার্যকর করা হবে। পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়েও ভাবা হচ্ছে।'