মিটফোর্ডে নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তার স্থলে ডা. শাহরিয়া শায়লা জাহানকে পদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি নতুন এই পদায়ন স্থগিতের দাবি জানিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
ন্যাশনাল ডক্টরস ফোরামের দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে মিটফোর্ড হাসপাতালের উপপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
অন্যদিকে, তার স্থলাভিষিক্ত কর্মকর্তা ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব অভিযোগের পর স্থানীয়দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ নভেম্বর তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছিল বলে দাবি এনডিএফের।
এনডিএফ নেতারা বলেন, এসব অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রশাসনিক পদে ওই কর্মকর্তাকে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে ওএসডি করার কারণও স্পষ্ট করা জরুরি বলে তারা মনে করেন।
বিবৃতিতে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার করে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করা এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার গুরুত্বপূর্ণ পদায়ন স্থগিত রাখা।
নেতৃবৃন্দ বলেন, মিটফোর্ড হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। দাবি বাস্তবায়ন না হলে চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে।
মেহেরপুরে দায়িত্ব পালনকালে নানা অভিযোগ
গত বছরের জানুয়ারিতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) হিসেবে দায়িত্ব পান ডা. শাহরিয়া শায়লা জাহান। সেখানে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।
ওই বছরের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাগ্বিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বাধ্য হন। ওই সময় সংবাদকর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে ‘হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই’ বলেও মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এ সময় তার বিরুদ্ধে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও ওঠে। পরে এ নিয়ে স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন শুরু করেন।
একই বছরের ১৪ অক্টোবর মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, একটি হাসপাতাল তৈরি হয় সর্বসাধারণের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়।
এ ছাড়া তত্ত্বাবধায়কের ঠিকমতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা ও উগ্র আচরণসহ নানা অভিযোগ এনে দ্রুত তাঁর অপসারণের দাবি জানান স্থানীয়রা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে মন্ত্রণালয়।
এর আগে ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে পদায়ন করা কর্মস্থলে যোগদান না করা, অননুমোদিতভাবে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
