রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে: প্রতিমন্ত্রী
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৩ | অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান একেবারেই স্পষ্ট; মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, 'প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পার হয়ে ফিরে যাওয়া নয়। এমন একটি পরিবেশে ফিরে যাওয়া, যেখানে মানুষ নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং ভবিষ্যৎ নিয়ে আস্থা রেখে বসবাস করতে পারে। এজন্য মিয়ানমারে এমন পরিস্থিতি তৈরি করা প্রয়োজন, যা প্রত্যাবাসনকে প্রকৃত অর্থেই টেকসই করবে।'
তিনি বলেন, 'বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। অর্থনীতি, পরিবেশ, জনসেবা, স্থানীয় জনগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তার ওপর ব্যাপক চাপ তৈরি হলেও বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করেছে। এর মাধ্যমে দেশটি মানবিক দায়িত্ব ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।'
তবে মানবিক দায়িত্বকে যেন সীমাহীন দায়িত্ব হিসেবে বিবেচনা করা না হয়—এমন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি। তাই এ সংকটের সমাধানের দায়িত্বও বাংলাদেশের একার হতে পারে না।'
তিনি বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অংশীদারত্বমূলক দায়িত্ব ও টেকসই রাজনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে আসতে হবে।'
হুমায়ুন কবির বলেন, 'রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিত ও ধারাবাহিক করতে হবে। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকেও অর্থবহ সহায়তা দিতে হবে। আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলায় গুরুত্ব দিতে হবে।'
তিনি বলেন, 'মানবিক সহায়তা বাস্তুচ্যুতির পরিণতি সামাল দিতে পারে। কিন্তু এই সংকটের স্থায়ী সমাধান করতে হলে রাজনৈতিক সমাধানের প্রয়োজন।'
সেমিনারে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন বক্তব্য দেন।
