পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯ | অনলাইন সংস্করণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ফরাসি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, বিমান চলাচল, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্র উঠে আসে। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি, মহাকাশ প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস খাতে নতুন করে ফরাসি বিনিয়োগের আহ্বান জানান।

এদিকে মানবপাচার ও অবৈধ অভিবাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে ফ্রান্সে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ শ্রমবাজার সম্প্রসারণের অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার জন্য ফ্রান্স সরকারের দেওয়া মানবিক সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে দুটি দেশ আন্তর্জাতিক মঞ্চে একযোগে কাজ করে যাবে।

এ ছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার মতো আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।