রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ বলছে, সবগুলো স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হননি।
বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. রবিউল। তিনি বলেন, একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টার দিকে বিটিভির প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
তার আগে রাত ১০টার পর কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
একইদিন রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির।
এর কয়েক মিনিট আগে রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান নামের একজন অটোরিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এই বিস্ফোরণে আহত রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উড়ালসড়ক থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনার কিছুক্ষণ আগে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শের-ই বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার বিকালে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন তলা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।
শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ওই সড়কে আমাদের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যেই ফ্লাইওভারের তিন তলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া বঙ্গবাজার ও গুলিস্তানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
আবা/এসআর/২৬
