আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাতজনে পৌঁছাল।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

আবা/এসআর/২৬