জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ | অনলাইন সংস্করণ

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়াখাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া, সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থানকে আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
