শাহজালালে বিপুল পরিমাণ সোনার বার জব্দ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়।

বিপুল পরিমাণ সোনার উদ্ধারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনও চলছে।

প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। প্রায় চার ঘণ্টাব্যাপী টানা অভিযান ও তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার শনাক্ত ও উদ্ধার করা হয়। অবশ্য শুরুতে ১০০টি বার উদ্ধারের তথ্য জানিয়েছিল এনবিআর।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। সেই হিসাবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

 

আবা/এসআর/২৬