জ্বালানি তেলের দাম কমলে সে অনুপাতে ভাড়াও কমবে, লিখে রাখেন: নৌপরিবহনমন্ত্রী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ

যে অনুপাতে ভাড়া বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম কমলে একই অনুপাতে কমানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নৌপথে ভাড়া সমন্বয় নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘যে অনুপাতে ভাড়া বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম কমলে সে অনুপাতে দাম কমানো হবে, লিখে রাখেন।’
রেলভাড়া বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবার ট্রেনের ভাড়া বাড়ানোর জন্য অনেক চাপ রয়েছে। তবে রেলের ভাড়া না বাড়িয়ে কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার বাইরে পরিবহনমালিকরা অতিরিক্ত ভাড়া বাড়াননি। এ বিষয়ে সন্তোষজনক প্রতিবেদন রয়েছে। যেকোনো মূল্যবৃদ্ধিই জনজীবনে চাপ সৃষ্টি করে। জনগণকে পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে নিতে হবে।’ জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নৌযাত্রী পরিবহন সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, নৌভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৮০ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।
